দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্ণীপুরকে রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। বর্তমানে ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে, সরকারের লক্ষ্য ৬৪ জেলাকে রেল সেবার আওতায় আনা। তবে প্রশ্ন হলো, রেল খাত ক্রমাগত লোকসানের মুখে পড়লেও নতুন করে ১০ জেলায় রেল নেটওয়ার্ক সমপ্রসারণ কতটা টেকসই হবে। অতীতে দেখা গেছে, রেললাইন নির্মাণ হলেও পর্যাপ্ত লোকোমোটিভ ও ক্যারেজ না থাকায় প্রকল্পগুলো কার্যকর হয়নি। এবার মন্ত্রী জানিয়েছেন, নতুন প্রকল্পগুলোতে লাইন, লোকোমোটিভ ও ক্যারেজ একসঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। এটি অবশ্যই একটি ইতিবাচক পরিবর্তন। কিন্তু রেল খাতের মূল সমস্যা শুধু অবকাঠামো নয়, বরং পরিচালন দক্ষতা, আর্থিক স্বচ্ছতা এবং যাত্রীসেবার মান। লোকসান কমাতে হলে রেলকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে হবে। যাত্রীসেবায় সময়ানুবর্তিতা, নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মালবাহী রেলকে আরও কার্যকর করতে হবে, যাতে সড়ক পরিবহনের ওপর চাপ কমে এবং রেল আয় বাড়াতে পারে। আমাদের মতে, নতুন জেলায় রেল সমপ্রসারণ অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যেন লোকসানের বোঝা আরও বাড়িয়ে না দেয়। এজন্য রেল খাতে দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং বাণিজ্যিক কার্যক্রম সমপ্রসারণ জরুরি। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে মিলিয়ে রেললাইন স্থাপন করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রেল খাতকে শুধু যাত্রী পরিবহনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্প ও কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় নতুন রেল সংযোগ হলে কৃষিপণ্য, মাছ এবং শিল্পপণ্য দ্রুত ও কম খরচে রাজধানী ও অন্যান্য অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হবে, রেলের আয় বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ রেল সমপ্রসারণকে যদি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা যায়, তবে লোকসানের খাতকে টেকসই উন্নয়নের খাতে রূপান্তর করা সম্ভব। আমাদের প্রত্যাশা, রেল সমপ্রসারণ হবে সমন্বিত পরিকল্পনার অংশ, যেখানে অবকাঠামো, লোকোমোটিভ, ক্যারেজ, যাত্রীসেবা ও আর্থিক ব্যবস্থাপনা একসঙ্গে উন্নত করা হবে। নইলে নতুন রেললাইন শুধু লোকসানের খাতকে আরও ভারী করে তুলবে।