দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে নীলফামারীর সৈয়দপুর শহরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও বাজার এলাকার রাস্তা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয়। ফলে দীর্ঘদিন পর পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়,শহরের প্রধান সড়কগুলোতে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা উপেক্ষা করেন। পরে পৌর প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে সৈয়দপুরে সড়ক ও বাজার এলাকা দখলমুক্ত করতে একাধিক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে রাস্তার ওপর নির্মিত অস্থায়ী দোকান, টংঘর, ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় কিছু ব্যবসায়ী পুনর্বাসনের দাবি জানালেও প্রশাসন জানায়, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার বিকল্প নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। সৈয়দপুর পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “সৈয়দপুর শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি জায়গা ও সড়ক দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। শহরের প্রধান সড়ক ও বাজার এলাকাগুলো নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে। পুনরায় কেউ অবৈধভাবে দোকান বা স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল মনে করছে, শুধু উচ্ছেদ অভিযান নয়, টেকসই সমাধানের জন্য বিকল্প ব্যবসা ব্যবস্থাপনা, নির্দিষ্ট হকার জোন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। অন্যথায় উচ্ছেদের পর আবারও অবৈধ দখল ও যানজটের সমস্যা ফিরে আসতে পারে।