চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, হরিজন প্রিমিয়ার ফুটবল লিগ আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে খেলাধুলা লেখাপড়া এবং সাংস্কৃতিক এই তিনটার মধ্যে রাখবেন, তাহলে আপনারা দেখবেন এই সমাজ মাদক এবং কিশোর গ্যাং মুক্ত হবে।আমরা চাই এসব অপরাধ যেন না হয়। শুক্রবার ১৯ জুন বিকেলে চাঁদপুর পুরানবাজার মধুসূদন হাই স্কুল মাঠে হরিজন প্রিমিয়ার ফুটবল লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় হরিজন যুব ক্লাবের আয়োজনে চাঁদপুরের স্বাগতিক ৩টি হরিজন কলোনীর দলসহ ৫টি জেলার ৮টি দল নিয়ে এদিন সকাল থেকে দিন ব্যাপী লীগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হরিজন ক্লাব ঢাকা ও হরিজন ক্লাব পুরান বাজার। ফাইনাল খেলায় ২-০ গোলে হরিজন ক্লাব ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুরের পুরান বাজার হরিজন ক্লাব। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমি মাঠে বসে পুরো ফাইনাল খেলাটি দেখেছি। গত বছরের খেলা দেখেছি বৃষ্টির মধ্যে। আজকের খেলা অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। প্রতি বছরই এ খেলার আয়োজন করা হয়। মাঠে বসে অনেকদিন পরে একটা সুন্দর ফাইনাল খেলা দেখলাম। দু’দলেই সাবলীল খেলা খেলেছে।
তিনি আরো বলেন, আপনাদের সমাজের পরিবারের সদস্যরা সন্তানদেরকে লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতির সাথে জড়িত রাখবেন। তাহলে সমাজ মাদকমুক্ত কিশোর গ্যাং মুক্ত থাকবে। বর্তমানে জেলার পুলিশরা নিয়মিত ভাবে মাদক অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। খেলাধুলার জন্য সকল ধরনের সহযোগিতা থাকবে আমার।
তিনি বলেন, আপনার সন্তান কার সাথে মিশে কার সাথে চলছে সে দিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিনই সংসদে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়। গত ১৭ বছরের এসব সমস্যাগুলো করে গেছে ফ্যাসিবাদী সরকার। হরিজন সম্প্রদায়ের যারা খেলাধুলা আয়োজনের সাথে জড়িত তারা যদি ৩ মাস পর পর আন্তঃজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সেখানে আমার সহযোগিতা থাকবে। হরিজন পঞ্চায়েত কমিটির প্রধান কৈলাশের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ প্রমুখ। পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চান মিয়া, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারী, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান কবির খোকা,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য রিফাই, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার,
চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাস্টার মারুফসহ অন্যরা এসব উপস্থিত ছিলেন। এই আয়োজনের উল্লেখযোগ্য দিকছিলো অসংখ্য ফুটবল প্রেমী নারী দর্শক সহ বিপুল দর্শক সমাগম। বিশেষ করে শিশু-কিশোরদের ফুটবলের প্রতি উচ্ছাস।
হরিজন প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দলগুলো হলোঃ- চাঁদপুর সূর্যমুখী হরিজন যুব ক্লাব, যুব কল্যাণ সংঘ চট্টগ্রাম, চৌহমুনি হরিজন সেভেন স্টার ক্লাব, রেলওয়ে হরিজন ঐক্যতান ক্লাব চাঁদপুর, হরিজন ক্লাব মাদারীপুর, হরিজন ক্লাব পুরান বাজার, হরিজন ক্লাব মুন্সীগঞ্জ ও হরিজন ক্লাব ঢাকা।