হাইতিকে ৩ গোল দিয়ে দুর্দান্ত জয় ব্রাজিলের

এফএনএস ক্রিয়া প্রতিবেদক:
| আপডেট: ২০ জুন, ২০২৬, ১১:৪৯ এএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ১১:২১ এএম
হাইতিকে ৩ গোল দিয়ে দুর্দান্ত জয় ব্রাজিলের

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ড্র এবং ব্রাজিলিয়ান জার্সির চাপ ছাপিয়ে এবার জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের দুর্দান্ত এক জয়ে গ্রুপ সি-এর শীর্ষে উঠলো ব্রাজিল।

আজ শনিবার বাংলাদেশ সময় সকালে হাইতিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেলেসাওরা। এদিন শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন কুনহা। অন্য একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল ব্রাজিল। 

ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। চিপ করলেও ফাঁকা জালে বল পাঠাতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

পরের মিনিটেই অবশ্য গোলের দেখা পায় ব্রাজিল। থিয়াগোর জায়গায় দলে ঢোকা মাতেউস কুনহা লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিয়ুস। হাইতির গোলকিপার জন প্লেসিড শট ঠেকিয়ে দিলেও জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কুনহা। 

৩৬ মিনিটে আবারও কুনহা গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দারুণ এক মুভে আক্রমণের শুরুটা করেন ভিনিসিয়ুস। দৌড়ে বল নিয়ে এগিয়ে বাঁয়ে কুনিয়াকে ডিফেন্সচেরা পাস বাড়ান ভিনি। 

সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলের পরই ধাক্কা খায় ব্রাজিল। চোটের কারণে মাঠের বাইরে চলে যান রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বদলি হিসেবে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। হাইতির গোলরক্ষক জন প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে নিজের বেঞ্চ পরীক্ষা করেন আনচেলত্তি। মূল একাদশের খেলোয়াড়দের মাঠে নামান তিনি। কিছু আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে মাঠে নেমে বল জালে জড়িয়েছিলেন এন্দ্রিক। কিন্তু অফসাইডে বাদ হয় সেই গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আপনার জেলার সংবাদ পড়তে