প্রীতি জিনতার আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস!

এফএনএস বিনোদন
| আপডেট: ২০ জুন, ২০২৬, ০৩:১৬ পিএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৩:১৬ পিএম
প্রীতি জিনতার আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস!

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একাধিক ডিপফেক কনটেন্ট মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী।

আদালতে দায়ের করা আবেদনে প্রীতি জিনতা অভিযোগ করেন, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ছবি ও ভিডিও তার সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি এসব কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও কপিরাইটেরও লঙ্ঘন করছে বলে দাবি করেন তিনি।

নিজের আবেদনে ১৯৫৭ সালের কপিরাইট আইনের আওতায় নৈতিক অধিকার সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন প্রীতি। তিনি আদালতের কাছে এ ধরনের কনটেন্টের বিস্তার রোধ এবং তার ব্যক্তিগত অধিকারের সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানান।

বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ। আদালত প্রীতি জিনতাকে তার ব্যক্তিগত অধিকার রক্ষার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা শিল্পী তাদের অনুমতি ছাড়া নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ডিপফেক প্রযুক্তির বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিনোদন জগতের তারকারা।

বর্তমানে প্রীতি জিনতা তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এমন সময়েই নিজের সুনাম, গোপনীয়তা ও আইনি অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিলেন এই অভিনেত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে