তিন দশক পর আবারও কুলির বেশে ওমর সানী, আসছে ‘ব্ল্যাক’

এফএনএস বিনোদন
| আপডেট: ২০ জুন, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৩:২৭ পিএম
তিন দশক পর আবারও কুলির বেশে ওমর সানী, আসছে ‘ব্ল্যাক’

প্রায় তিন দশক আগে ‘কুলি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দীর্ঘ বিরতির পর আবারও সেই কুলির চরিত্রেই পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, ‘ব্ল্যাক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ও পরিবেশকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতেই শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ব্যস্ত এই লোকেশন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মহিন খান এবং এর চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

নিজের নতুন কাজ প্রসঙ্গে ওমর সানী বলেন, “এটি ছোট পরিসরের একটি কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। এতে আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। চলচ্চিত্রটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় দেখেই বিষয়টি উপভোগ করুন।”

নির্মাতা মহিন খান জানান, ‘ব্ল্যাক’ একটি ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে। তার ভাষায়, “গল্পটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানী এখানে একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন, যিনি মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার। দর্শকের কাছে চরিত্রটি ভালো লাগবে বলে আশা করছি।”

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও ব্যতিক্রমী গল্প ও শক্তিশালী চরিত্রের প্রতি তার আগ্রহ এখনও অটুট। সেই ধারাবাহিকতায় ‘ব্ল্যাক’-এ অংশ নিয়েছেন তিনি। আর এই কাজের মধ্য দিয়ে দর্শকরা আবারও দেখতে পাবেন তার সেই পরিচিত কুলি রূপ, যা একসময় তাকে এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা।

আপনার জেলার সংবাদ পড়তে