ঝিনাইদহের শৈলকূপায় দ্রুতগামী বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজের পাশে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্বাস হোসেন যশোর জেলার চুরামনকাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে বড়দাহ ব্রিজের পাশে নিজের ট্রাকটি পার্কিং করে রেখে সামনের একটি দোকানে চা পান করছিলেন আব্বাস হোসেন। চা পান শেষে আবারও ট্রাকে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামি ‘রূপসা পরিবহন’ুএর একটি দ্রুতগামী বাস তাকে সজোরে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় ময়না তদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ায় ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।