কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ২১ জুন, ২০২৬, ০৬:৪১ পিএম | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৬:৪১ পিএম
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা রানী রায় ওই এলাকার নির্মল রায়ের মেয়ে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার(২১জুন) দুপুরের দিকে নিপা রানী সকলের অগোচরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ডাকাডাকি করলে তার সাড়া না পাওয়ায় ঘরের ভিতরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান।  তাদের চিৎকারে  প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে কি কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে