বৃদ্ধ গাড়ি চালককে প্রকাশ্যে দফায় দফায় মারধর, সড়ক নির্মাণের অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিককে হুমকি সহ নানা কর্মকাণ্ডে বিতর্তিক পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) পটুয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর - ৮৯/২৬ মামলার প্রধান আসামী ফাহাদ জামিন আবেদন করেন। আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ফাহাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে বাউফল পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ফজলুল হক মৃধা নামের এক ব্যক্তি বাদি হয়ে বাউফল থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে বাদীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সভাপতি দলবল নিয়ে বাদি, তার ভাই ও সহযোগিদের ওপর হামলা চালায়। এ সময় দোকানের ভেতরে প্রবেশ করে ভাঙচুর, মারধর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ফাহাদকে প্রধান আসমী করে মোট ৭ জনের নামে একটি মামলা করা হয়। সএ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ বিস্তারিত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।