সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক’ বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই কর্মশালা আগামী ২৫ জুন শেষ হবে।
এবারের প্রশিক্ষণে সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রমটি সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তন ও ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকালে জেলায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। কর্মশালাটি পরিচালনা করছেন তাউসিফ আকবর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতায় মাল্টিমিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। এর পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকেরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন এবং তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের মোঃ আবুল কাশেম, জিএম মনিরুল ইসলাম মিনি, মো. আসাদুজ্জামান ও মো. আব্দুল বারী। উদ্বোধনী পর্বে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পিআইবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনের এই কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।