সরাইলে অবৈধ ড্রেজার ধ্বংস করলেন ইউএনও

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১২:০৭ পিএম
সরাইলে অবৈধ ড্রেজার ধ্বংস করলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবেশ ধ্বংসকারি অবৈধ ড্রেজার ও পাইপলাইন ধ্বংস করলেন ইউএনও মো. সাইফুল ইসলাম। গত সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের তিউরকোনা এলাকায় ফসলি মাঠে অভিযান চালিয়ে এ কাজটি করেছেন তিনি। এর আগে অভিযান থেকে রক্ষা করার শর্তে ২/৩ জন কথিত সাংবাদিককে ৪০ হাজার টাকা দেয়ার কথাও চাউর হচ্ছে ওই এলাকায়। তাই এ কাজে ইউএনও কে বাহবা দিচ্ছেন স্থানীয়রা। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্র জানায়, তিউরকোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধপন্থায় ড্রেজার বসিয়ে ফসলি জমি কেটে বালু উত্তোলন ও বিক্রি করছিল। পরিবেশ আইন অমান্য করে ফসলি জমি ধ্বংস করা হচ্ছিল। ফলে সেখানকার কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে যান ইউএনও। গত সোমবার দুপুরের দিকে তিনি সেখানে অভিযান চালান। অভিযানকালে তিনি ড্রেজার মেশিন ও পাইপ পাইলেও ব্যবসায়ি চক্র পালিয়ে যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাসুদ ও আহাদ নামের সংশ্লিষ্ট দুই ব্যক্তি আগেই সটকে পড়েছিলেন। পরে ইউএনও ড্রেজার মেশিন, বালু সরবরাহের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করে দেন। জমির মালিক সামছুল গংরা। তরী বাংলাদেশ নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন সরাইল উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ মাহবুব খান পরিবেশ রক্ষায় ইউএনও’র এমন অভিযানকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের এমন দায়িত্বশীল ও কার্যকর ভ’মিকায় রক্ষা পাবে কৃষি জমি ও ফসল। রক্ষা পাবে পরিবশ।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ফসলি জমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে। আইন অমান্যকারীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ কাজে সর্বক্ষণ প্রশাসনের নজরদারী থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে