আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার প্রশান্ত সাহার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জিয়ানগর থানা উপ পরিদর্শক পলাশ সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, কালের কন্ঠ প্রতিনিধি মো. আল আমিন হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় জিয়ানগরে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। চলতি বছরের এই ক্যাম্পেইনে উপজেলায় ৮ হাজার ৫২৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।