যখনই আওয়ামী লীগের দুর্দীন আসে তখনই বরিশালের গৌরনদীতে একমাত্র কান্ডারী হয়ে দাঁড়ায় সনাতন ধর্মের গুহ পরিবার। অথচ দলের সুদিনে ওই গুহ পরিবারটিকে হতে হয় সবচেয়ে বেশি নির্যাতিত। যা আওয়ামী লীগের বিগত ১৭ বছরে সকলের কাছে প্রমানিত। ওইসময় নিজ দলের এক নব্য গডফাদারের রোষানলে গুহ পরিবারের ওপর অসংখ্যবার হামলা ও বাড়ি ঘর ভাঙচুরসহ একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়। গুহ পরিবারের প্রবীণ ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সভাপতি। তার জেষ্ঠ পুত্র সৈকত গুহ পিকলু উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কনিষ্ঠ পুত্র সলিল গুহ পিন্টু উপজেলা যুবলীগের সদস্য। দলের কারণে কালিয়া দমন গুহর স্ত্রী তাপসী রানী গুহকে অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। বিগত আওয়ামী লীগ শাসনামলে গুহ পরিবারটিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলো নিজ দলের এক নব্য গডফাদার। যেকারনে কালিয়া দমন গুহর পুত্র পিকলু ও পিন্টুকে একাধিকবার কুপিয়ে ও ভাড়াটিয়া ক্যাডার দিয়ে গাড়ি চাঁপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিলো। তবে প্রতিবারই ভাগ্যক্রমে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারা প্রানে বেঁচে যান।
সৈকত গুহ পিকলু মাহিলাড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। তিনি দলমত নির্বিশেষে এলাকায় ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় জাতীয় ও জেলার একাধিকবারের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান। বরাবরই রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে তিনি (পিকলু) সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবারও দলের দুর্দীনে বরিশালের গৌরনদীতে ৭৭ পাউন্ডের কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। বুধবার (২৪ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লেও কবে কোনস্থানে বসে কেক কাটা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের মধ্যে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেক কাটা অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, সদস্য সলিল গুহ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলী আকবর কব্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মনু মোল্লা, মাহমুদুল হাসান ফরিদ, ইউপি সদস্য জসিম উদ্দিন, আশরাফ সেরনিয়াবাত, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।