কোরিয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে দিঘলিয়ায় পরামর্শমূলক কর্মশালা

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ২৪ জুন, ২০২৬, ০৬:২৩ পিএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৬:২৩ পিএম
কোরিয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে দিঘলিয়ায় পরামর্শমূলক কর্মশালা

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে “কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে করণীয়”শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলহাজ্ব সারোয়ার খান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, দিঘলিয়ার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কঙওঈঅ)-এর প্রজেক্ট ফিল্ড ম্যানেজার হা মিনজুং (ঐধ গরহলঁহম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত। এছাড়া দিঘলিয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তিনটি টিটিসির অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, অভিভাবক এবং সুধীজন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সরকারের অগ্রাধিকার প্রকল্প “৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান”বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি হা মিনজুং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তির চাহিদা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি তরুণরা কোরিয়ার শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সভাপতির বক্তব্যে ইউএনও সুজন দাস গুপ্ত বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমবাজার সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা, কর্মসংস্থান, ভাষা শিক্ষা, ভিসা প্রক্রিয়া এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ, দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান। কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা প্রদান করে।

আপনার জেলার সংবাদ পড়তে