সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজের একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। কথিত গণমাধ্যমকর্মীসহ একটি মহলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মূলধারার সাংবাদিকদের সংগঠন সাতক্ষীরা প্রেসক্লাব। একই সঙ্গে জেলার স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টাকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে জেলা প্রশাসক বর্তমান তরুণ সমাজের কাছে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। সে সময় তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন-ধর্মান্ধতার আড়ালে ধর্মের নামে বাড়াবাড়ি পবিত্র ও মহান ধর্ম ইসলামও সমর্থন করে না। এটি একটি অত্যন্ত সময়োপযোগী বক্তব্য। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বক্তব্যকে বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বক্তব্য নিয়ে কোনোভাবেই বিভ্রান্তি তৈরির অবকাশ নেই। বিবৃতির মাধ্যমে এই দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ। সাংবাদিক নেতারা অনতিবিলম্বে এই অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।