একটি করে জয় ও ড্র নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিতের দ্বারপ্রান্তে ছিল সুইজারল্যান্ড। এবার বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে তাদের মাটিতে ২-১ গোলে হারিয়ে তারা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ উঠল। শেষ ম্যাচটিতে হারলেও রানারআপ হয়ে কানাডাও নকআউটে উঠেছে। সুইজারল্যান্ডের হয়ে একটি করে গোল করেছেন রুবেন ভার্গাস এবং জোহান মানজাম্বি। অন্যদিকে কানাডার হয়ে শেষ দিকে প্রোমিস ডেভিড একমাত্র গোলে ব্যবধান কমান। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া সুইসরা আগামী ২ জুলাই ভ্যাঙ্কুভারে শেষ ৩২-এর ম্যাচে কোনো একটি তৃতীয়-স্থানধারী দলের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপের শীর্ষে থেকে নিজ দেশে খেলার সুযোগ ধরে রাখতে কানাডার জয় বা ড্র প্রয়োজন ছিল। কিন্তু হারের কারণে তাদের পরবর্তী ম্যাচ খেলতে যেতে হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। আগামী রোববার সেখানে তারা গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৪-১ গোলের জয়ে বদলি নেমে দুই গোল করেছিলেন মানজাম্বি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কানাডার বিপক্ষে তিনি শুরুর একাদশে সুযোগ পান। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার বিশ্বকাপে বদলি নেমে দুই গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন এবং এবারের আসরের উদীয়মান তরুণ তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার প্রায় ৪০ সেকেন্ড পর সুইজারল্যান্ডকে এগিয়ে দেন রুবেন ভার্গাস। তার নেওয়া শট কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপোকে ফাঁকি দিয়ে পোস্টে লেগে জালে জড়ায়। ৫৭তম মিনিটে সুইস ফুটবলার ব্রিল এমবোলোর ক্রস থেকে জোহান মানজাম্বির শট ক্রেপোর হাত ফসকে জালে ঢ়ুকে পড়ে। ৭৬তম মিনিটে কানাডার পক্ষে একটি গোল শোধ করেন বদলি হিসেবে মাঠে নামা ডেভিড।