জমির বিরোধে মারধর, অতঃপর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১১:১০ এএম
জমির বিরোধে মারধর, অতঃপর মৃত্যু

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় মাহবুব হোসেন বাবু (২৮) নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মাহবুব হোসেন বাবু বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাঢ়ীর ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মোমিনউদ্দিন জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মঙ্গলবার দিবাগত রাতে চুনারচর এলাকার একটি চায়ের দোকানের সামনে বসে বাবুকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে নিহত বাবু রাঢ়ী ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন দাবি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নীরব বেপারী বলেন, নিহত বাবু ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। তার অভিযোগ, এ কারণেই পশ্চিম সাদেকপুর গ্রামের বিএনপি কর্মী বজলু বয়াতী, জাহাঙ্গীর মাল, শহীদসহ তাদের সহযোগিরা চুনারচর এলাকার আখতারের চায়ের দোকানের সামনে বসে বাবুকে লাঠিপেটা করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর আঘাত লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই নীরব রাঢ়ীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ করেন বোন পরিচয় দেওয়া এক নারী। তবে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার বলেন, পারিবারিক জমির বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। এখানে রাজনৈতিক কোন বিষয় নেই। অপরদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে