পবিত্র আশুরা আজ শুক্রবার (২৬ জুন)। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে।
ধর্মীয় ইতিহাস অনুযায়ী, ৬৮০ খ্রিস্টাব্দের ১০ মহররমে কারবালার মরুভূমিতে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে অন্যায় ও অবিচারের প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেন ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীরা। সেই আত্মত্যাগ মুসলিম উম্মাহর কাছে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার এক চিরন্তন শিক্ষা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী, চাঁদ দেখার ভিত্তিতে এবারের পবিত্র আশুরা ২৬ জুন পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশজুড়ে ধর্মীয় পরিবেশ বিরাজ করছে। মুসলমানরা রোজা, দোয়া, কোরআন তেলাওয়াত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করছেন।
রাজধানী ঢাকায় বিশেষভাবে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়া। ভোর থেকেই সেখানে ভিড় জমিয়েছেন শিয়া সম্প্রদায়ের অনুসারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোক, মাতম আর ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁরা স্মরণ করছেন কারবালার সেই করুণ ইতিহাসকে।
এক দর্শনার্থীর অনুভূতি, “এখানে আসলেই মনটা ভারী হয়ে যায়। যে আত্মত্যাগ, তা ভোলার মতো নয়।” অন্যদিকে অংশগ্রহণকারীরা বলছেন, আশুরা তাদের কাছে শুধু শোক নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে মাথা না নত করার শিক্ষা।
হোসেনী দালান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রশাসনের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মসূচি পালন করতে পারব।”
এদিকে পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার অংশ হিসেবে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন করা যাবে না।”
রাজধানীতে মোট ৬৩টি তাজিয়া মিছিল বিভিন্ন সময় বের হবে বলে জানিয়েছে পুলিশ। সকাল ১০টা থেকে এসব মিছিল নির্ধারিত রুটে শুরু হয়ে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ হবে।