জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মোঃ আনিসুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ নাহিদ হাসান শাওন, শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, এস,আই মাসুদ হোসেন, ইমাম সমিতির সভাপতি ইবাতাদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার প্রমুখ। সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় কাউখালীতে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২১টি কেন্দ্রে উপজেলায় ৭ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর হবে। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।