পাবনার ভাঙ্গুড়ায় পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে হিমু আহমেদ নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ওই পুকুর থেকে মাটি উত্তোলন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। বুধবার দিবাগত রাতে উপজেলার পাথরঘাটা বিশি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার সাভার এলাকার আব্দুস ছামাদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা গ্রামের ওই পুকুরটি তিন পাশ থেকে পাকা সড়ক দ্বারা বেষ্টিত। সম্প্রতি একটি চক্র পুকুরটি আরও গভীর করার নামে এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি শুরু করে। এতে পুকুরের পাড় দুর্বল হয়ে পড়ে চারপাশের পাকা সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এসময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মাটি ব্যবসায়ী হিমু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ওই পুকুরের মাটি উত্তোলনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত হিমু আহমেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থ ও সড়ক রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান ।