বিদ্যুৎ সেবায় ভোগান্তি

দ্রুত সমস্যার সমাধান করুন

এফএনএস | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৩:১৬ পিএম
দ্রুত সমস্যার সমাধান করুন

দেশে বিদ্যুৎ সেবার মান নিয়ে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। লোডশেডিং, বারবার মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল—সব মিলিয়ে গ্রাহকরা বিদ্যুৎ খাতে আস্থাহীনতায় ভুগছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রি-পেইড মিটার রিচার্জে অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বর প্রবেশের ঝামেলা। আগে যেখানে ২০ ডিজিটের নম্বরই যথেষ্ট ছিল, এখন গ্রাহকদের ১৮০ থেকে ২৪০ ডিজিট ইনপুট দিতে হচ্ছে। প্রযুক্তির যুগে এমন অযৌক্তিক ব্যবস্থা শুধু গ্রাহকের ভোগান্তি বাড়াচ্ছে। পত্রিকায় প্রকাশিত খবরে দেখা গেছে, দীর্ঘ টোকেন নম্বর প্রবেশ করতে গিয়ে অনেক গ্রাহক ভুল করছেন। ভুলের কারণে মিটার লক হয়ে যাচ্ছে, ফলে তাদের ছুটতে হচ্ছে বিদ্যুৎ অফিসে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে এ ধরনের বিড়ম্বনা দেখা দিয়েছে। অথচ ডিজিটাল সিস্টেম চালুর মূল উদ্দেশ্য ছিল গ্রাহক সেবার মান উন্নত করা। প্রশ্ন উঠছে- যেখানে প্রযুক্তি গ্রাহকের জীবন সহজ করার কথা, সেখানে কেন এই ডিজিটাল হয়রানি? বিদ্যুৎ বিভাগ বলছে, ট্যারিফ পরিবর্তনের কারণে প্রথমবার রিচার্জে দীর্ঘ টোকেন আসছে, পরবর্তী রিচার্জে আবার আগের মতো ২০ ডিজিটে ফিরে যাবে। কিন্তু গ্রাহকরা যুক্তি দিচ্ছেন, সিস্টেম আপডেট বা ট্যারিফ পরিবর্তনের কাজগুলো সার্ভার থেকেই স্বয়ংক্রিয়ভাবে মিটারে আপডেট হওয়ার ব্যবস্থা থাকা উচিত। গ্রাহককে শত শতবার বোতাম চাপিয়ে সেই কাজ করানো কোনোভাবেই যৌক্তিক নয়। বিদ্যুৎ একটি অতি জরুরি সেবা। এই সেবাকে সহজলভ্য ও গ্রাহকবান্ধব করা সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, প্রযুক্তির নামে গ্রাহকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি, বিদ্যুৎ মন্ত্রণালয় ও বিতরণ কোম্পানিগুলোকে দ্রুত এই কারিগরি ত্রুটি দূর করতে হবে। গ্রাহকের সময় ও শ্রম নষ্ট করে এমন ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এ ধরনের ভোগান্তি বড় বাধা হয়ে দাঁড়াবে। বিদ্যুৎ সেবাকে আধুনিক করতে হলে প্রযুক্তিকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করতে হবে। সিস্টেম আপডেটের দায় গ্রাহকের নয়, বরং সেবাদানকারী প্রতিষ্ঠানের। তাই এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ- যাতে মানুষ বিদ্যুৎ সেবায় আস্থা ফিরে পায় এবং ডিজিটাল ভোগান্তি নয়, বরং ডিজিটাল সুবিধা ভোগ করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে