ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে

আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৫:০৬ পিএম
আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে আগামী ২৮ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবীরের সভাপতিত্বে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও রিপামনি দেবী এবং বিশেষ অতিথি হিসেবে ওসি মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও যুগ্ন সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ। অত্র উপজেলায় আগামী ২৮ জুন ৬-১১ মাস বয়সী ১৯০০ শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১৭০০০ শিশুকে ওইদিন লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রে একযোগে উক্ত ক্যাম্পেইনে সর্বমোট ২৯০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

উল্লেখ্য যে, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের জন্য খুবই জরুরি। একে "চোখের ভিটামিন" ও বলা হয়। শিশুদের কেন ভিটামিন-এ খাওয়াবেন :

১. রাতকানা রোগ প্রতিরোধ : ভিটামিন-এর অভাবে শিশুরা অন্ধকারে দেখতে পায় না। ভিটামিন এ ক্যাপসুল এই সমস্যা থেকে শিশুদের বাঁচায়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ভিটামিন-এ শিশুর শরীরের ইমিউন সিস্টেম শক্ত করে। ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, হাম-এর মতো রোগে আক্রান্ত হলেও জটিলতা কম হয়। গবেষণায় দেখা গেছে, ভিটামিন-এ ক্যাপসুল শিশুমৃত্যু ২০-৩০% পর্যন্ত কমায়।

৩. চোখ ও ত্বক ভালো রাখে : চোখের কর্নিয়া সুস্থ রাখে আর ত্বক-মিউকাস ঝিল্লিরক্ষা করে। ফলে ইনফেকশন সহজে ঢুকতে পারে না।

৪. স্বাভাবিক বৃদ্ধি : হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। শিশুর শারীরিক বৃদ্ধি ঠিকমতো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে