পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩৭নং আঃ গনি শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. জেসমিন আক্তারের বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাৎ, দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত ও তাকে অন্যত্র বদলির দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে সময়মতো উপস্থিত হন না এবং পাঠদান কার্যক্রমে প্রয়োজনীয় গুরুত্ব দেন না। শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত মিড-ডে মিলের খাদ্যসামগ্রী সঠিকভাবে বিতরণ না করে আত্মসাতের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে। পাঠদানের সময় প্রধান শিক্ষিকা মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যস্ত থাকেন। এছাড়া শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো এবং বিদ্যালয়ের বিভিন্ন বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগও রয়েছে। অভিভাবকদের ভাষ্য, এসব বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষিকার বদলি এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা মোসা. জেসমিন আক্তার বলেন, স্থানীয় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমীন বলেন, অভিযোগের বিষয়ে বিদ্যালয়ে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনা করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।