বাগেরহাটের মোল্লাহাটে সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। তিনি সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবসায়িক উপকরণ তুলে দেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফ মোল্লাহাট শিশু যুব সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইসিডিপি)। অস্ট্রেলিয়ান এইড ও ট্রান্সফর্ম এইড-ইন্টারন্যাশনালের অর্থায়নে উপজেলার আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ২৫ জন সক্ষম প্রতিবন্ধী পুরুষ ও নারীর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিরা নিজ নিজ ব্যবসা পরিচালনার মাধ্যমে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল চায়ের দোকান, মুদি দোকান, মসলার দোকান, সবজি ব্যবসা ও টেইলারিং ব্যবসার সামগ্রী। এর মধ্যে আটা, ময়দা, চিনি, পুষ্টি তেল, জিরা, হলুদ, গুঁড়া মরিচ, বুট ডাল, বাদাম, ছোলা, ডিজিটাল ওজন স্কেল, সেলাই মেশিন, চায়ের কাপ, পানি হিটারসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্যাপ্টিস্ট এইড প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার ডেভিড রূপন সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে আরও উৎসাহিত হবেন।