কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলার বর্ষা মৌসুমে নদীতে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে জারুইতলা ইউনিয়নের হাফশরদিয়া শাহাপুর শান্তিপুর গ্রামে কৃষক দিদার মিয়ার গোয়াল ঘর থেকে একদল নৌ-ডাকাত ৯টি গরু ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওইদিন ভোর রাতে একজন সচেতন নাগরিক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালায়। পরে ওইদিন সকালে হাওরের একটি এলাকা থেকে প্রথমে ৭টি গরু উদ্ধার ও বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর এলাকা হতে ২টি গরু উদ্ধার করেছেন। নিকলী থানার পুলিশ উপ-পরিদর্শক সুবহান মিয়া এই প্রতিবেদককে জানান, এলাকাবাসীর সহযোগিতায় নিকলী বাজিতপুর ও কটিয়াদী থানার পুলিশের সহযোগিতায় দিদার মিয়ার গরুগুলো উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ উদ্ধার হওয়া ৯টি গরুর দাম আনুমানিক মূল্য ৮-১০ লক্ষ টাকা।