বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়ি থেকে চুরি হওয়া টাইলসের আংশিক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। উপজেলার কামারগ্রাম এলাকার প্রবাসী আব্দুল হাই মুন্সীর বাড়িতে গত ১৬ জুন গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের টাইলস চুরি হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর ২৩ জুন মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসীর স্ত্রী খুকুমনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ওই রাতেই চুরি হওয়া টাইলসের একটি অংশ উদ্ধার করে। খুকুমনি অভিযোগ করে বলেন, বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে একই গ্রামের বাচ্চু মোল্লার ছেলে রাকেশ (৩০)সহ কয়েকজন তার নির্মাণাধীন বাড়ি থেকে টাইলস চুরি করে। পরে ওই টাইলস স্থানীয় একটি দোকানে বিক্রি করা হয় বলে তিনি দাবি করেন। তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে কবির নামের আরও একজনের সম্পৃক্ততা রয়েছে। চুরি হওয়া সব মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
মোল্লাহাট থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামালের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এখনো তাদের আটক করা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।