মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ১১:২৩ পিএম
মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন

বরিশালের মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন করেছে ২০ পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেল ৫টার দিকে মুলাদী প্রেসক্লাবের সামনে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর গ্রামের অসহায় পরিবারগুলো মানববন্ধন করেন। মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পূর্ব ষোলঘর গ্রামের মৃত আব্দুল মন্নান ব্যাপারীর ছেলে জয়নাল আবেদীন ওই পরিবারগুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে মানববন্ধনে অভিযোগ করেন তারা। কয়েকদিন আগে জয়নাল আবেদীন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে স্থানীয় ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি করে বিচারের দাবি জানান। সমাবেশে এলাকার ভুক্তভোগী পুরুষ ও পর্দানশীন নারী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে জয়নাল আবেদীনকে ‘কুখ্যাত সন্ত্রাসী, মামলাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী’ হিসেবে আখ্যায়িত করে তার ফাঁসির দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ওই গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদার, কাঞ্চন আকন, কুদ্দুস আকন, মতিন সরদার, লালচান আকন, দেলোয়ার ফকির, মিরাজ আকন, ইউনুছ খান, মমতাজ বেগম, হালিমা বেগম, ছালমা বেগম, কুলসুম আক্তার, ফাতেমা বেগম, চানবরু বিবি প্রমুখ। মানববন্ধনে কুদ্দুস আকন অভিযোগ করে বলেন, জয়নাল আবেদীনের লাগামহীন অত্যাচার, নিরীহ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং এলাকায় মাদক বিস্তারের কারণে পূর্ব ষোলঘর গ্রামের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার এই হয়রানীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে মিথ্যা মামলা ও সশরীরে হামলার শিকার হতে হয়।

ফাতেমা বেগম বলেন, তার স্বামী নয়ন হাওলাদারের বিরুদ্ধে কমপক্ষে ৯টি মিথ্যা মামলা করেছেন জয়নাল আবেদীন। মামলা করে তাদের বাড়িঘর দখল করে নিয়েছেন।  মানববন্ধনে লালচান আকন বলেন, 'আমি কৃষিকাজ করে এলাকায় জীবিকা নির্বাহ করি। আমার বিরুদ্ধে ৬০ লাখ টাকা ধার নেওয়ার ভুয়া স্ট্যাম্পে প্রমাণপত্র তৈরি করেছেন জয়নাল আবেদীন। সেই স্ট্যাম্প দিয়ে আদালতে মামলা করে আমার পরিবারকে হয়রানী করছেন।' ওই গ্রামের কুলসুম আক্তার বলেন, তার স্বামী আব্দুল খালেক আকন এলাকায় একটি জমি কিনেছিলেন। ওই জমি জয়নাল আবেদীন জোড়পূর্বক দখল করে নিয়েছেন। এনিয়ে এলাকায় সালিশ বৈঠকের চেষ্টা করায় ওই পরিবারের নামে ১৬টি মামলা দেওয়া হয়।  এ ব্যাপারে জয়নাল আবেদীনের স্ত্রী নাছরিন আক্তার বলেন, তার স্বামী কেন্দ্রীয় প্রজন্মলীগের সহঅর্থবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের রাজনীতি করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকার মানুষ মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে থাকতে পারেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা বলেন, পূর্ব ষোলঘর গ্রামের জয়নাল আবেদীনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার মানুষ মানববন্ধন করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে