দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

এফএনএস | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০১:৪৪ পিএম
দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪,১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে দাপট দেখানো ফরাসিরা সহজ জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) রাতে যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত ম্যাচে দেম্বেলের অসাধারণ পারফরম্যান্সই গড়ে দেয় ব্যবধান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দিদিয়ের দেশমের দল। ২৫ সেকেন্ডেই কিলিয়ান এমবাপ্পের শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সপ্তম মিনিটে এমবাপ্পের নিখুঁত পাস থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। এরপর ২০তম মিনিটে এমবাপ্পের আরেকটি অ্যাসিস্ট কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।

এক মিনিট পর থেলো অসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু সেই সম্ভাবনা দ্রুতই শেষ করে দেন দেম্বেলে। ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। মাত্র ৩২ মিনিটে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তিও গড়েন তিনি। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রিয়ার এরিক প্রবস্ট।

বিরতির পর নরওয়ে ম্যাচে ফেরার বড় সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৫০তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। এরপর যোগ করা সময়ে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের ৪,১ ব্যবধানের জয় নিশ্চিত করে।

এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। তবে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে গ্রুপ রানার্সআপ হওয়া নরওয়ে শেষ ৩২ দলের লড়াইয়ে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরি কোস্টের।

চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডও হ্যাটট্রিক করেছিলেন। তবে সময়ের বিচারে দেম্বেলের কীর্তি এখন বিশ্বকাপের অন্যতম দ্রুততম হ্যাটট্রিক হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে