প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি পৌরবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এদিন বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। পৌর সহকারি প্রকৌশলী ববি মজুমদার জানান এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিকদের সহযোগিতা নিশ্চিত করা হবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।