বরগুনার তালতলীতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এই কর্মসূচির আওতায় ২,০০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়াও ১৫০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচ বীজ এবং ৩০০ জন কৃষককে ৩০০ গ্রাম করে সবজি বীজ প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ ও পুষ্টির কথা মাথায় রেখে ৭০০ জন কৃষকের মাঝে ৩,৫০০টি নারিকেল চারা এবং ১,৮৫০ জন কৃষককে ১,৮৫০টি বিভিন্ন প্রকারের ফলজ চারা বিতরণ করা হয়েছে।