প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ: সাশ্রয়ী ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ১১:৫৮ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ: সাশ্রয়ী ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান অগি ফাবেলা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।

আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

আপনার জেলার সংবাদ পড়তে