চাঁদপুরে পরিষদের জন্য ৮৫ কোটি ৩৬ লক্ষ টাকা বাজেট ঘোষণা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৯ জুন, ২০২৬, ০৫:০৭ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৫:০৭ পিএম
চাঁদপুরে পরিষদের জন্য ৮৫ কোটি ৩৬ লক্ষ টাকা বাজেট ঘোষণা

চাঁদপুর জেলা পরিষদের মাসিক ও ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় চাঁদপুর জেলা পরিষদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।  সোমবার (২৯ জুন,২০২৬ খ্রি. তারিখে বেলা ১২ টার সময় চাঁদপুর  জেলা পরিষদের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার এ বাজেট ঘোষণা করেন।  এই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিন। সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। 

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে চাঁদপুর  জেলা পরিষদের জন্য মোট ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার  বাজেট ধরা হয়েছে। এই টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয়সহ সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করা হচ্ছে। উল্লেখ্য, এবারই প্রথম প্রকাশ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে চাঁদপুর জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হলো। জেলা পরিষদ প্রশাসক  আরও বলেন,চাঁদপুর জেলা পরিষদকে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে বেদখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার করে মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য এগুলোর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে যাতে জেলা পরিষদ তার নিয়মিত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, চাঁদপুরের সকল সংসদ সদস্য এবং মন্ত্রীর সমন্বয়ে জেলা পরিষদ হবে দুর্নীতি মুক্ত,  উন্নয়নের জনবান্ধব প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশকে মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং,দুর্নীতিমুক্ত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করব।  অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যরা বক্তব্য রাখেন। সহকারী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে