গ্রামীণ জনগোষ্ঠীর দোড়গোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা ও আশপাশের এলাকার মানুষের জন্য আগামী পহেলা জুলাই (বুধবার) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন বিশিষ্ট চিকিৎসক ডা. কেএম তরিকুল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন এবং সিএমইউ (আল্ট্রা) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও সাধারণ রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
ক্যাম্পে মেডিসিন, নবজাতক ও শিশু রোগ, বাত ও ব্যথাজনিত রোগ, লিভার রোগ, বক্ষব্যাধি, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
আয়োজকদের মতে, গ্রামীণ এলাকার অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতা, দূরত্ব ও সচেতনতার অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না। তাদের কথা বিবেচনায় রেখেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ সহজেই মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকা বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফী বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। গ্রামের সাধারণ মানুষ যেন কোনো আর্থিক চাঁপ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেই লক্ষ্য থেকেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি চাই মানুষ রোগ সম্পর্কে সচেতন হোক, সময়মতো চিকিৎসা গ্রহণ করুক এবং সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠুক। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তারিকুল ইসলাম কাফী বলেন, সমাজের প্রতিটি মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, গৌরনদীর সুন্দরী এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হবে। এছাড়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’ এ আয়োজনের সার্বিক সহযোগিতা করছে।