জার্মানিতে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম
জার্মানিতে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত
ছবি, সংগৃহীত

জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৯ জুন) হামবুর্গ বন্দর নগরীর কাছাকাছি অবস্থিত স্টেড শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শহরটির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন পলাতক নেই।

হামলার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে একজন পুরুষ সন্দেহভাজনকে আটক করেছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, অর্থাৎ হামলার মূল উদ্দেশ্য বা মোটিভ এখনো স্পষ্ট নয়।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ (ডিডিএ)-কে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের এক মুখপাত্র জানান, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি যুব কেন্দ্রের কাছে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

এদিকে, স্টাডে পুলিশ তাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ স্টেটমেন্টে জানিয়েছে, বর্তমানে শহরের ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর একটি ‘বড় ধরণের অভিযান’ চলছে। একই সঙ্গে তারা সাধারণ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে নিয়োজিত জরুরি সেবা ও উদ্ধারকারীদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় ৫০ হাজার।

সূত্র: রয়টার্স