সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও জিনিয়া টিমের অভিযানে ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে নগরীর কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ২৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা ধাপে ধাপে মালিকদের কাছে ফেরত দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, পুরোনো মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই নম্বর যাচাই করা অত্যন্ত জরুরি। এতে চুরি বা হারানো ফোন কেনার ঝুঁকি কমে যাবে। তিনি আরও জানান, শনিবার কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।