পাবনার চাটমোহরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন খুঁইয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) দিবাগত রাতে। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া যুবক হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের গোলজার হোসেনের ছেলে শিমুল হোসেন (২৬)।
শিমুলের মামা মহসিন আলী জানান,সোমবার বিকেলে শিমুল চাটমোহর রেলওয়ে মাঠে ফুটবল খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হন। সিএনজি যোগে রেল বাজার যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। রাত ৯টার দিকে অজ্ঞাত স্থানে তার জ্ঞান ফিরে কয়েকজন অপরিচিত লোককে দেখতে পান। তারা শিমুলের হাতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট দিয়ে ছবি তোলে এবং এক লাখ টাকা দাবি করে। শিমুল তার মোবাইলে থাকা ২০ হাজার টাকা দেন। পরে তার বাড়িতে ভাইয়ের কাছে ফোন করে অজ্ঞান পার্টির সদস্যরা আরো ২০ হাজার টাকা পাঠাতে বলে। বিকাশে আরো ২০ হাজার টাকা দেওয়ার পর অজ্ঞান পার্টির সদস্যরা শিমুলকে পাবনার টেবুনিয়াতে রেখে যায়। এ ব্যাপারে মঙ্গলবার (৩০ জুন) সকালে শিমুল ও তার স্বজনরা চাটমোহর থানায় বিষয়টি অবগত করিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,বিষয়টি আমরা জেনেছি। তদন্তপূর্বক আইনী পদক্ষেপ নিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে।