কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর মরদেহ দেশে, দাফন সম্পন্ন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৫:২৪ পিএম
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর মরদেহ দেশে, দাফন সম্পন্ন

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৩০ জুন) সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পর নিজ নিজ গ্রামে নেওয়া হলে শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরে হাজারো মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানো হয়। মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। তারা সবাই জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন।

মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে নিজ নিজ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি, কান্না আর শোকে পুরো এলাকায় নেমে আসে বিষাদের ছায়া। অনেকেই শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় জমান। পরিবারের সদস্যদের কান্নায় উপস্থিত মানুষের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে।

দুপুর ২টার দিকে কানাইঘাট উপজেলার স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে পাঁচজনের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। পরে পৃথকভাবে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের জন্য দোয়া করা হয়।

বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দাফন ও তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রত্যেক পরিবারকে আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, সরকারি আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের প্রাপ্য অন্যান্য সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর অকাল মৃত্যুতে কানাইঘাটজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে