কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) :
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০১:০৫ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০১:০৫ পিএম
কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।  বুধবার (৩০ জুন) ভোর ৪ টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকঠি এলাকার একটি মাছের ঘেরের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার (৫৮) জানান, মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত ৮টার দিকে সঞ্জিব এবং তিনি বাড়ি থেকে নিজ নিজ মাছের ঘেরের উদ্দেশ্যে বের হন। রাতে সঞ্জিব বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৪ টার দিকে সঞ্জিবের ঘেরের বাসার সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা বলেন, জমিজমা নিয়ে শরিকদের সাথে বিরোধ ছিল। তারা প্রায়ই সঞ্জিবকে মারধর ও খুন-জখমের হুমকি দিতো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনার যথাযথ তদন্ত ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আপনার জেলার সংবাদ পড়তে