চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় আজ বুধবার বিকেল ৪ টার দিকে প্রকাশ্যে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে এক যুবককে। খুনের ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, নিহত যুবকের নাম আজাদ (২৫)। তিনি পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ফরেস্ট গেট এলাকায় সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। হঠাৎ পেছন থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তবে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ফরেস্ট গেটের সামনে আজাদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্ত তাকে গুলি করে। গুরুতর আহত হলে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর মোড়ের কাছে ফরেস্ট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশের টিম বর্তমানে সেখানে আছে। এ ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘বুধবার বিকেল ৪টার দিকে আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। নিহত আজাদ নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।’