এইচএসসি পরীক্ষায় বাগমারায় পরীক্ষার্থী ৪ হাজার ৯৯৭

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম
এইচএসসি পরীক্ষায় বাগমারায় পরীক্ষার্থী ৪ হাজার ৯৯৭
বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার উপজেলার ১১টি কেন্দ্রে তিনটি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ৩ হাজার ২৪৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটিতে ১ হাজার ৪৪৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে ৩০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মোট ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৫টি, কারিগরি শিক্ষা বোর্ডের ৪টি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারির পাশাপাশি প্রশ্নপত্র পরিবহন, সংরক্ষণ ও বিতরণসহ প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, "পরীক্ষার্থীরা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার আওতাভুক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কঠোর নজরদারি থাকবে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, এ বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেশব্যাপী ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহার, কেন্দ্রের নিরাপত্তা ও তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আপনার জেলার সংবাদ পড়তে