সৈয়দপুরে

যানজট নিরসনে শহরের প্রবেশপথের আপডাউন গেট মেরামত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৩:২৯ পিএম
যানজট নিরসনে শহরের প্রবেশপথের আপডাউন গেট মেরামত

নীলফামারীর সৈয়দপুর শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পৌর কর্তৃপক্ষ। যানজট নিরসনে শহরের বিভিন্ন প্রবেশপথে স্থাপিত আপডাউন গেটগুলো রাতের অন্ধকারে কতিপয় চালক ও দুষ্ট প্রকৃতির লোক ক্ষতিগ্রস্ত করে। ফলে দীর্ঘদিন ধরে আপডাউন গেটগুলো অকার্যকর অবস্থায় থাকায় ভোগান্তিতে পড়ছিল চালক ও সাধারণ মানুষ। অবশেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার নির্দেশে  সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়ায় শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,শহরের প্রধান প্রবেশপথগুলোতে স্থাপিত আপডাউন গেটের মাধ্যমে ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করে শহরের যানজট কমানো এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা হয়।  তবে রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কয়েকটি গেট নষ্ট করে ফেলে কতিপয় বেপরোয়া গাড়ি চালক।যার কারণে বেশ কিছু দিন অকার্যকর হয়ে পড়ে গেটগুলো। ফলে নির্ধারিত সময়ের বাইরে ভারী যানবাহন শহরে প্রবেশ করে যানজট সৃষ্টি করছিল। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গেটগুলো মেরামতের কাজ শুরু করেছে। ইতোমধ্যে কয়েকটি গেটের যান্ত্রিক ত্রুটি দূর করা হয়েছে এবং বাকিগুলোর কাজও দ্রুত এগিয়ে চলছে। স্থানীয় ব্যবসায়ী,পরিবহন চালক ও পথচারীরা বলেন, আপডাউন গেট সচল থাকলে শহরে ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত প্রবেশ কমবে,যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। তারা গেটগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি কার্যকরভাবে পরিচালনার দাবি জানান। কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপডাউন গেট পরিচালনা করা হবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে, যাতে শহরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

শহরবাসীর প্রত্যাশা,শুধু গেট মেরামতই নয়, এর কার্যকর ব্যবহার, নিয়মিত তদারকি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে সৈয়দপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে ইতিবাচক পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলি আব্দুল খালেক ও প্রধান হিসাব রক্ষক আবু তাহের বলেন, পৌরবাসীর সেবা দেয়াই আমাদের মুল লক্ষ্য। সেজন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে