রাজশাহী পবা উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ফলন্ত আমগাছসহ বিভিন্ন প্রকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী দারেস আলী চারজনের বিরুদ্ধে পবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পবা উপজেলার তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে দারেস আলী বসত বাড়ির পাশে আপন ভাই শরিফুল ইসলামের কাছ থেকে আড়াই শতক জমি ক্রয় করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় আপন ভাই মিঠন আলী, বাবুল হোসেন, রফিকুল ইসলাম ও তরিকুল ইসলাম মিলে তাদের লোকজন নিয়ে ক্রয়কৃত জমিসহ অন্য জমিতে থাকা ৬টি আমগাছ, ১টি নিম গাছ, ১টি ডুমুর গাছ জোর করে কেটে নেয়। যার অনুমানিক প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বিবাদীগণ নানান ভাবে হুমকি প্রদান করে সাথে থাকা গাছ কাটার দা, কুড়াল, কড়াতসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে চলে যায়। ওই দিন ভুক্তভোগী দারেস আলী পবা থানার থানায় অভিযোগ দায়ের করেন।
পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, আমগাছসহ বিভিন্ন প্রকার গাছ কেটে নেওয়ার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।