সুন্দরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৫:৫৪ পিএম
সুন্দরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি দরিদ্র, অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের মধ্যে ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলার শান্তিরাম, ধোপাডাঙ্গা, রামজীবন ও দহবন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে সহায়তার চেকগুলো তুলে দেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার রামজীবন, ধোপাডাঙ্গা, শান্তিরাম, হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের ১৮৬টি পরিবারের মধ্যে মোট ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণকালে সংসদ সদস্য অধ্যাপক মো. মজেদুর রহমান বলেন, ‘সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করবে। কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে সরকার নিরন্তর সহায়তা করে চলেছে। এর পাশাপাশি, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের সক্ষম মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত।’

এদিকে, একই কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি পরিবার এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে সরকারি জিআর চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে