এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৬:১০ পিএম
এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) দিয়ে পরীক্ষা শুরু হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ১ শতাংশ।

বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫, যশোর বোর্ডে ২ হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অসদুপায়ের দায়ে সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হন। কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার কুরআন মাজিদ বিষয়ে অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। সেখানে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন। অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনের পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে