নোয়াপাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খুরশীদ আলম

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৪৫ পিএম
নোয়াপাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খুরশীদ আলম

চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী নোয়াপাড়া কলেজের গভর্নিং বডির নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ-সংক্রান্ত ১৭ জুন ২০২৬ তারিখের অফিস আদেশের স্মারকটি গতকাল সোমবার কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ ধারার ক্ষমতাবলে নোয়াপাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক খুরশীদ আলম এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আব্দুল মোমেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক খুরশীদ আলম ২০ নভেম্বর ১৯৯৩ সালে বিসিএস (শিক্ষা) ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ এবং সিলেট এমসি কলেজে সুনামের সঙ্গে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে, সমাজসেবায় সম্পৃক্ত ব্যক্তিত্ব আব্দুল মোমেনকে কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, নবগঠিত গভর্নিং বডি আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অবশিষ্ট মেয়াদের জন্য কার্যকর থাকবে। তবে প্রয়োজনবোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।

নবনিযুক্ত সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খুরশীদ আলম এ দায়িত্ব প্রদানের জন্য রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নোয়াপাড়া কলেজের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আপনার জেলার সংবাদ পড়তে