বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর

সুন্দরবন ও বিভিন্ন মৎস্যঘাটে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৪:৩৬ পিএম
সুন্দরবন ও বিভিন্ন মৎস্যঘাটে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার

বঙ্গোপসাগরে হঠাৎ সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মুখে টিকতে না পেরে সুন্দরবনের বিভিন্ন নদী-খালসহ উপকূলীয় মৎস্যঘাটগুলোতে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত ফিশিংবোট ও ট্রলার। দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা (অবরোধ) শেষে মাত্রই সাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। কিন্তু যাত্রা শুরুর পরপরই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে চরম হতাশা নিয়ে তাদের আবার উপকূলে ফিরে আসতে হয়েছে। শুক্রবার (৩ জুলাই)  খোঁজ নিয়ে জানা যায়, গত দুই দিন ধরে সাগরে তীব্র বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবল পূবালী বাতাসের কারণে সাগরে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে উত্তাল সাগরে অবস্থান করা অসম্ভব হয়ে পড়ায় ট্রলারগুলো উপকূলের দিকে ছুটে আসে। কতিপয় ফিশিংবোট সুন্দরবনের দুবলার চরের ভেদাখালী খাল, মেহেরআলী ও আলোরকোলসহ বনের বিভিন্ন নিরাপদ পয়েন্টে নোঙর করেছে।

সুন্দরবনের ভেদাখালী খালে আশ্রয় নেওয়া বাগেরহাটের বগা এলাকার ফিশিং ট্রলারের মাঝি নজরুল ইসলাম শুক্রবার দুপুরে মোবাইল ফোনে জানান, সাগরে গত দুদিন ধরে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে কোনোভাবেই ট্রলার টিকিয়ে রাখা যাচ্ছিল না। জীবন ও সম্পদ রক্ষার্থে তারা দ্রুত সুন্দরবনের নিরাপদ খালে এসে আশ্রয় নিয়েছেন এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন। শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বঙ্গোপসাগর বর্তমানে অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের কারণে টিকতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার শরণখোলার রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা এবং পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে আছে। দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে বিপুল দাদন ও ধারদেনা করে জেলেরা সাগরে গিয়েছিলেন, কিন্তু শুরুতেই এই দুর্যোগের মুখে পড়তে হলো। শরণখোলার রায়েন্দা মৎস্যঘাটের আড়তদার কবির হোসেন জানান, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় অনেক ট্রলার সাগরে না গিয়ে গত দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটেই নিরাপদ নোঙর করে আছে। ফলে ঘাট এলাকায় ট্রলারের জটলা তৈরি হয়েছে।

একই বিষয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে অধিকাংশ ফিশিংবোট ও ট্রলারবহর এখন উপকূলের দিকে ছুটে আসছে এবং যার যার সুবিধাজনক নিরাপদ স্থানে অবস্থান নিচ্ছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ট্রলারই সাগরে ফিরতে পারছে না।

আপনার জেলার সংবাদ পড়তে