কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাস সরবরাহ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি ও ট্রাকটি বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এরশাদ আলী(৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিজানুর (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) ও সিএনজি চালক দুলু (৩৪) সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রাম ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেঙ্ে ভর্তি করে দেন। ঘটনার পর পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী(হেলপাড়) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।
হাসপাতালে কর্মরত চিকিৎসক প্লাবন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন।