ট্রান্সফারে বিশ্বাস নয়, অবহেলা-দুর্নীতি হলেই চাকরিচ্যুত, বললেন স্বাস্থ্যমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৬:১১ পিএম
ট্রান্সফারে বিশ্বাস নয়, অবহেলা-দুর্নীতি হলেই চাকরিচ্যুত, বললেন স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজ শনিবার নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে বললেন, “যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই করা হবে চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এসবকে কোনো প্রশ্রয় দিবে না সরকার।”

সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোকে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টার গুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছে সরকার। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেয়া হচ্ছে। যাতে করে জনগনের উন্নয়ন করা যায়।

এবারের বাজেট কোনো টাকার বাজেট না আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই বছরেই আমরা স্বাস্থ্যখাতে একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি। জনগণের কল্যাণে এবং বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের বাজেটকে একটি ‘আদর্শের বাজেট’ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, প্রতিটি আদর্শকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে মাঠে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে