চাঁদপুর প্রয়াত প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ স্যারের স্মরণসভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৬:১৮ পিএম
চাঁদপুর প্রয়াত প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ স্যারের স্মরণসভা

চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, রোটারিয়ান, সংস্কৃতিমনা, ধর্মানুরাগী ও স্বনামধন্য প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত সূর্য কুমার নাথ স্যারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৪ জুলাই,২০২৬) সকাল এগারোটার সময় পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়(মধুসূদন হাই স্কুল) চাঁদপুর এর আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।  শিক্ষাগুরুর কর্মজীবন, সততা ও আদর্শ নিয়ে সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন সুলতানার সভাপতিত্বে  স্মরণসভায় বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি  সুভাষচন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন শিক্ষিকা কল্পনা সরকার, প্রয়াত সূর্য কুমার নাথ স্যারের জ্যেষ্ঠ সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী  সঞ্জয় কুমার নাথ,ভাগ্নি জামাতা বাবুল চন্দ্র দেবনাথ, নাতি অ্যাড.পলাশ মজুমদার। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও  ব্যবসায়ী রোটারিয়ান মো. নাসির উদ্দিন খান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আসলাম তালুকদার, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, অভিভাবক সদস্য বিপ্লব কুমার গোপ, সাবেক সদস্য মো. জাকির হোসেন খান শিপন, পুরাণবাজার ২নং বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ধ্রুবরাজ বণিক, সিনিয়র শিক্ষক মাকসুদুল মাওলা, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষণ চন্দ্র  রায় প্রমুখ। এসময় প্রয়াত প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ ও পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রয়াত সিনিয়র সহকারী শিক্ষিকা নীলিমা নাথের পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।  এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত সূর্য কুমার নাথ স্যার ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও শিক্ষানুরাগী সংগঠক। শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছাত্রদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলী গঠনে কাজ করে গেছেন। তার অবদান ভুলার নয়। তাঁর সততা, নিষ্ঠা, কর্মপ্রেরণা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, প্রয়াত সূর্য কুমার স্যার একজন সফল বাবা। তিনি তার দুই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন।তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে "প্রয়াত সূর্য কুমার নাথ বৃত্তি প্রকল্প" চালু রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিবছর দরিদ্র ও মেধাবী ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। যা তাঁর শিক্ষা ও মানবসেবার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। স্মরণ সভার শুরুতে প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উল্লেখ্য, প্রয়াত সূর্য কুমার নাথ স্যারের ছোট ছেলে আমেরিকা প্রবাসী এবং সেখানে উচ্চপদস্থ চাকরিজীবী রাজিব কুমার নাথ তাঁর বাবার এই স্মরণ সভায়  অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে