সোনারগাঁয়ে আসামিকে গ্রেফতার করতে গিয়ে ৩ পুলিশ আহত

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৭:২৮ পিএম
সোনারগাঁয়ে আসামিকে গ্রেফতার করতে গিয়ে ৩ পুলিশ আহত

সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে গতকাল শনিবার দুপুরে আসামিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়। এসময় হামলাকারীরা পুলিশের এক সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখন করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের একটি দল উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে এসআই সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, মাইনুল ও পুলিশের সোর্স মামুন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। আহত পুলিশের সোর্সের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া পর ছেড়ে দেয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেফতার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেফতার করে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে